যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরছে শনিবার

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরছে শনিবার

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে রওনা হয়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই পিএইচডি শিক্ষার্থীর মরদেহ বহনকারী বিমানটি শনিবার (৯ মে) সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে ০২২০) মরদেহটি পাঠানো হয়।

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়। উল্লেখ্য, একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় এসে পৌঁছায়। মেধাবী এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জান্নাত/সকালবেলা