ফ্যাক্টচেক: ভারতীয় সাইটের ভিডিও ছড়িয়ে ভিপি সোহেলের বিরুদ্ধে ভুয়া নিউজ
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জনপ্রিয় বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেলকে (ভিপি সোহেল) রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে 'আজাদীর ডাক' নামক একটি অনামী নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ ও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
অনুসন্ধানে দেখা গেছে, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী নুসরাত জাহানের দাবি করে প্রচার করা ভিডিওটি মূলত ভারতের একটি পর্ন সাইটের এক বছর পুরোনো ভিডিও।
বুধবার (১২ আগস্ট) ঢাকা থেকে প্রকাশিত ‘আজাদীর ডাক’ নামক অখ্যাত অনলাইন পোর্টালে ভিপি সোহেল, ছাত্রদল নেত্রী নুসরাত জাহান ও ছাত্রদল নেতা মারুফকে জড়িয়ে একটি মানহানিকর প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই কিশোরগঞ্জের সাধারণ জনগণ ও সচেতন রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বট আইডির মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে অনুসন্ধানে নামে দৈনিক সকালবেলার ফ্যাক্টচেক টিম।
দৈনিক সকালবেলার সিনিয়র ফ্যাক্টচেকার মাহমুদ বিন মারুফ তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ফরেনসিক টুলস ব্যবহার করে আজাদীর ডাকের স্কিনশট এবং 'Tempo Stand' নামক একটি ফেক টেলিগ্রাম গ্রুপ থেকে প্রাপ্ত উপাত্তের সত্যতা যাচাই করেন। অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
দাবীকৃত ভিডিওটির ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাকিং করে দেখা যায়, এটি 'Indian Sex Stories3.com' নামক একটি আন্তর্জাতিক নিষিদ্ধ পর্ন সাইটে সংরক্ষিত রয়েছে। ১ মিনিট ৪৬ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওটি প্রায় এক বছর আগে সাইটটিতে আপলোড করা হয় এবং এটি ইতিমধ্যে ৫ লক্ষাধিকবার দেখা হয়েছে।
ভিডিওটি মূলত একজন ভারতীয় তরুণীর। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের ছবির সঙ্গে ভিডিওতে দৃশ্যমান নারীর চেহারার কোনো ন্যূনতম মিল নেই। এছাড়া প্রকাশিত সম্পূর্ণ ভিডিওতে কোনো পুরুষের উপস্থিতি নেই। কেবল অসৎ উদ্দেশ্যে নুসরাত জাহানের ছবি যুক্ত করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রচার করা হয়েছে।
মিথ্যা প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিও বার্তায় ভিপি সোহেল বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র কুৎসিত ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়েছে। তিনি এই চক্রান্তের পেছনে যুক্ত ব্যক্তি ও ভুয়া পোর্টালটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
‘আজাদীর ডাক’ পোর্টালে প্রচারিত খবরটি সম্পূর্ণ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে ভারতের একটি পর্ন সাইটের পুরোনো ভিডিওকে বিকৃত করে এই অপপ্রচার চালানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|