দুবাইয়ে বেনজীর আহমেদ আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করার বিষয়টি জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে, ওই রেড নোটিশ ও দুর্নীতির মামলার প্রেক্ষিতে বেনজীর আহমেদকে দুবাইয়ে পৌঁছানোর পর আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সরকারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রও বেনজীর আহমেদের আটকের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই আটকের বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত ও মামলার মুখোমুখি হওয়ার পর থেকেই সাবেক এই আইজিপি দেশের বাইরে পলাতক অবস্থায় অবস্থান করছিলেন। বর্তমানে তাঁকে দুবাইয়ে আটকে রেখে পরবর্তী আইনি ও প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
|