নতুন আইনে পরিচালিত হবে এলিট ফোর্স: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের জননিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইনের অধীনে এলিট ফোর্স রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) দুপুরে উত্তরায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হওয়া ঠিক নয় বিধায় এই বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার র্যাবের নাম পরিবর্তন (রিনেম) করবে নাকি নতুন কোনো এলিট ফোর্স গঠন করবে, তা এই মুহূর্তে বিবেচনাধীন রয়েছে। তবে নতুন আইনি কাঠামোতে ফোর্সের কর্তৃত্ব ও দায়িত্বের পাশাপাশি শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা হবে।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যে কিছু কর্মকর্তাকে ব্যবহার করায় প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমেরিকা এই স্যাংশন দিয়েছিল। তবে গুটিকয়েক কর্মকর্তার ব্যক্তিগত অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। ইতোমধ্যে বিপথগামী কর্মকর্তাদের নিজস্ব আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান সংস্কারের অংশ হিসেবে যখন সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করে নতুন এলিট ফোর্স গঠন বা নামকরণ করা হবে, তখন আমেরিকা এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে। জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।