ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য জানানো হবে মসজিদের মাইকে
অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এই উদ্যোগ সফল করতে দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন সময়ে দেশের মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক কোনো বিদ্যুৎ বিভ্রাটের কারণে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়, তবে তা গ্রাহকদের আগেই অবহিত করতে হবে।
এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে সাধারণ মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে মাইকে ঘোষণা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এলাকার প্রতিটি মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে দ্রুত বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একই সঙ্গে এই সংগৃহীত তথ্যগুলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও আপলোড করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।