সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায়
অনলাইন ডেস্ক: আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের দিন রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঈদের জামাতে জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী জায়নামাজ, মোবাইল ফোন ও বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ, থলে বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংসদ সচিবালয়।