ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) সংখ্যা ব্যাপক হারে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার (১৭ মে) রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা বাড়িয়ে ৬৯টি করা হচ্ছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল ও মহাসড়কে এসব মোবাইল কোর্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এই আদালত কঠোর আইনি ব্যবস্থা নেবে।
শেখ রবিউল আলম আরও বলেন, “টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তুলনামূলক কম থাকলেও মহাসড়কের বিভিন্ন মধ্যবর্তী স্থান থেকে যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে ওঠায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে মহাসড়কে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
দেশে সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, চালকদের স্বেচ্ছাচারিতা, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন গতির যানবাহনের চলাচল দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। দুর্ঘটনা কমাতে সরকার প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় চালকদের পেশাগত প্রশিক্ষণ, নিয়মিত চোখ ও রক্তচাপসহ স্বাস্থ্য পরীক্ষা এবং মাদকাসক্তি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।