সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আনন্দময় ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিখণকে উৎসাহিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২১ মে) যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে তিনি এই অগ্রাধিকারের কথা তুলে ধরেন। বাংলাদেশে মেয়েদের শিক্ষার অগ্রগতির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে প্রাথমিক উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

সেশনের পর তিনি মূল বক্তা নাইজেরিয়ার এডো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মি. গডউইন ওবাসেকির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওবাসেকি তাঁর অঙ্গরাজ্যে সফলভাবে বাস্তবায়িত “ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট” উদ্যোগের অভিজ্ঞতা বিনিময় করেন।

এরপর শিক্ষামন্ত্রী হাউস অব লর্ডসে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই), মানসম্মত শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এডটেক সহযোগিতা, পাঠ্যক্রম সংস্কার এবং কর্মসংস্থানের যোগ্যতা প্রভৃতি বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদার করার আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষাকে শিল্পের চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে, যাতে শিখন দক্ষতা অর্থনৈতিক কর্মদক্ষতায় রূপান্তরিত হয়।