২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: কাল থেকেই জ্বালানি সরবরাহ শুরু

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: কাল থেকেই জ্বালানি সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটে দীর্ঘ ২৩ দিন অচল থাকার পর অবশেষে পুনরায় উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র তেল পরিশোধনাগার রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। আজ শুক্রবার (৮ মে ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে প্রতিষ্ঠানটিতে পরিশোধন কার্যক্রম শুরু হয়।

সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত বুধবার (৬ মে) চীনা জাহাজ ‘নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় দীর্ঘদিন কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারছিল না। পরবর্তীতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ২১ এপ্রিল রওনা দিয়ে ৬ মে চট্টগ্রামে পৌঁছে। জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে প্রায় ১৬ হাজার টন তেল রিফাইনারিতে পৌঁছানোর পরই আজ সকালে প্ল্যান্টটি চালু করা হয়।

ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দৈনিক ৪০০০ থেকে ৪৫০০ টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান টিবিএসকে জানান, “আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া ছিল। পর্যাপ্ত ক্রুড আসায় আমরা সময়মতো কাজ শুরু করতে পেরেছি।”

কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, পূর্ণ সক্ষমতায় তেল পরিশোধন শেষে আগামীকাল শনিবার (৯ মে) থেকেই চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের পরিশোধিত জ্বালানি সরবরাহ শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, ক্রুড অয়েলের অভাবে গত ১৫ এপ্রিল ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় আড়াই মাস কোনো জাহাজ না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছিল। বর্তমান আমদানিকৃত তেল দিয়ে আগামী কিছুদিন নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।