দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে দেখবেন না: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও সন্ত্রাসকে কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, বরং ব্যক্তি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার পুলিশ বাহিনীকে এমন একটি রূপ দিতে চায় যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। সাধারণ মানুষ কীভাবে সরকারকে মূল্যায়ন করবে, তা অনেকটা পুলিশের ভূমিকার ওপর নির্ভর করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি রপ্ত করতে হবে।”
সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি—এমন ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস (কম্প্রোমাইজ) করা চলবে না। তিনি স্পষ্টভাবে জানান, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো চলবে না।
তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, “জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার।” তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়ার এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা তৈরির ওপর জোর দেন। এ সময় তিনি বিগত আমলের বিভিন্ন মেগা প্রকল্পের অপ্রয়োজনীয় খরচের সমালোচনা করে বলেন, রূপপুর, টানেল বা পদ্মা সেতুর মতো প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় না হলে দেশের অন্যান্য জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও ভালো কিছু করা সম্ভব হতো।
আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে পুলিশ বাহিনীকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।