দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোসহ উন্নয়নের ব্যাপক পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”

সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহায়তায় দুইশ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ও খনন কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “নদীর সীমানা নির্ধারণের বিষয়টি খনন প্রকল্পের অন্তর্ভুক্ত। পানি কমে গেলেই সীমানা নির্ধারণ করে নদী অবৈধ দখলমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশ্বজুড়েও তিনি পরিবেশ রক্ষায় সোচ্চার, তাই এখানে পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি এবং বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার আওতায় রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।