দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার
বাসস: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা ও মো. মাহবুবুল আলম। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিবের দায়িত্ব পালন করবেন।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে 'পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব' শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিস্তৃত আলোচনা, মতামত বিনিময় ও সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সংসদ সদস্য ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সফরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি গণতন্ত্র চর্চাকে আরও জোরদার ও সুসংহত করার লক্ষ্যে সিপিসি নেতাদের সঙ্গে একটি সংসদীয় কর্মশালায় অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধিদল। সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
এআইএল/সকালবেলা