ডেঙ্গু পরীক্ষায় চিকিৎসকদের ফি না নেওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক: দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ও চিকিৎসা সংকট মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোর জন্য একগুচ্ছ জরুরি ও কঠোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এখন থেকে বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের টেস্টের ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে এবং চিকিৎসকদের কোনো পরামর্শ ফি (ভিজিট) নেওয়া যাবে না। এছাড়া সাধারণ রোগীদের ডেঙ্গু চিকিৎসার সুবিধার্থে প্রতিটি বেসরকারি হাসপাতালে মোট বেডের ১০ শতাংশ ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজনদের সাথে ডেঙ্গু মোকাবিলার কার্যকর পদক্ষেপ নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওপর আর্থিক চাপ কমাতে বেসরকারি হাসপাতালগুলোতে শুধু ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। এর বাইরে ডেঙ্গু পরীক্ষা বা টেস্টের খরচে ৮০ শতাংশ ছাড় দিতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে। একই সাথে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এমন যেকোনো ধরনের ওষুধের অননুমোদিত প্রয়োগ বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান। চিকিৎসা ব্যবস্থাপনায় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসকদের যথাযথ নিয়ম ও গাইডলাইন অনুসরণের নির্দেশনাও দেন তিনি।
আলোচনায় ডেঙ্গুর ভ্যাকসিনের প্রসঙ্গ উঠলে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন বা বৈশ্বিক স্বীকৃতি পায়নি। এই কারণে বাংলাদেশে এই মুহূর্তে ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।
এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে মাঠপর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সভায়। মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে। লার্ভা নিধনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন পাওয়া গেলে এবং সেখানে এডিস মশার লার্ভার উপস্থিতি প্রমাণিত হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।