মোংলা নদীতে বিরতিহীন ফেরি সার্ভিস চালু
উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট): বাগেরহাটের মোংলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে মোংলা নদীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিরতিহীন দুটি ফেরি সার্ভিস।
আজ শনিবার (২৭ জুন) সকালে এই ফেরি চলাচল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি।
মোংলা নদীর ওপর বহুল প্রত্যাশিত ঝুলন্ত সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত মোংলা বন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং শিল্পাঞ্চলে কর্মরত হাজার হাজার শ্রমিক-কর্মচারীসহ সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পারাপার নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে মোংলা ইপিজেডে কর্মরত হাজারো শ্রমিকের প্রতিদিনের কর্মস্থলে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে। ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, আজ মোংলাবাসীর জন্য একটি বিশেষ দিন। মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচল শুরু হলো। স্থায়ী ঝুলন্ত সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত শিল্পাঞ্চল ও বন্দরের শ্রমিক ও সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে নদী পারাপার নিশ্চিত করতে এই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তাঁরা মোংলা নদীর ওপর স্থায়ী সমাধান হিসেবে বহুল প্রত্যাশিত ঝুলন্ত সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার জোর দাবি জানান।
এআইএল/সকালবেলা
|