রামিসা হত্যা মামলার প্রতিবেদন ৭ দিনে জমার নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
রামিসা হত্যা মামলার প্রতিবেদন ৭ দিনে জমার নির্দেশ
জাতীয় ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর পাশবিকভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের কড়া নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে সরাসরি এই বিশেষ প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী নিজেই সরকারের এই কঠোর সিদ্ধান্তের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধরে রাখতে তিনি বলেন, “দ্রুততম ও সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পূর্ণ শেষ করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ ও আইনি উদ্যোগ নেওয়া হবে।”

এর আগে গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী সেকশন-১১ এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পৈশাচিক ঘটনার পর নিহতের বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ও নরপশু সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পরপরই ছায়া তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্বপ্নাক আক্তারকে আটক করে পুলিশ। অন্যদিকে প্রধান অভিযুক্ত সোহেল রানা ঘটনার পরপরই দ্রুত আত্মগোপনে চলে গেলেও ওই দিন সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ আজ বৃহস্পতিবার ধৃত দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করেছে। তবে মামলার এজাহারভুক্ত অজ্ঞাতনামা আসামি এখনও পলাতক রয়েছে।

মামলা দায়েরের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের জন্য নৃশংসভাবে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছে প্রধান ঘাতক সোহেল রানা। মামলার তদন্ত কর্মকর্তা এবং পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, প্রধান আসামি সোহেল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনেও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এদিকে, আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শিশু রামিসার লাশের ময়নাতদন্ত (অটোপসি) সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর দুপুরের দিকে মরদেহ তার শোকসন্তপ্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ। স্বজনরা রামিসার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং চোখের জলে শোকে স্তব্ধ গ্রামের মাটিতে রামিসার দাফন সম্পন্ন করা হয়।

জান্নাত সকালাবেলা