তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মানসিক স্বাস্থ্য সুরক্ষার তাগিদ চিফ হুইপের

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মানসিক স্বাস্থ্য সুরক্ষার তাগিদ চিফ হুইপের

অনলাইন ডেস্ক: একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি জোর দিয়ে বলেন, "তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সঠিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনের নানা মানসিক চাপ মোকাবেলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব হলে তাদের মেধা, উদ্ভাবনী সৃজনশীলতা ও কর্মশক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও দ্রুত ও বেগবান করা সম্ভব।"

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুনন্নাহার সুমি এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

সেমিনারে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের সমাজে এখনো অনেকে মানসিক অসুস্থতাকে স্বাভাবিক শারীরিক রোগ হিসেবে না দেখে দুর্বলতা, ব্যক্তিগত ব্যর্থতা কিংবা জিন-ভূত ও জাদুটোনার প্রভাব বলে মনে করেন। সামাজিক বা পারিবারিক স্তরে ‘পাগল’ তকমা পাওয়ার ভয়ে অনেকে চিকিৎসা নিতে দ্বিধাবোধ করেন বা পরিবার বিষয়টি গোপন রাখে। এর ফলে আক্রান্ত ব্যক্তিরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। মানসিক স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে একজন অসহায় মানুষ ও তার পরিবার রয়েছে উল্লেখ করে বক্তারা মানসিক রোগীদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।

সকালবেলা / নুসরাত