সপ্তাহব্যাপী অভিযানে ৮ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
সপ্তাহব্যাপী অভিযানে ৮ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

অনলাইন ডেস্ক:আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে মাত্র এক সপ্তাহের অভিযানে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া একই সময়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও প্রায় ১৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, গত ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশজুড়ে পরিচালিত চিরুনি অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত তিন ক্যাটাগরিতে মোট ১৩ হাজার ৯০৫টি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জন এবং অননুমোদিত উপায়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২২ জনকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগের দায়ে আরও ২১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যার মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী। তাদের মধ্যে ২০ হাজার ২৫২ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো বা আটককৃতদের নির্দিষ্ট জাতীয়তা প্রকাশ করেনি দেশটির সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশ বা কাউকে আশ্রয়-পরিবহন সুবিধা দিলে তাকে বড় ধরনের অপরাধী গণ্য করে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি অপরাধীদের পরিচয় জনসমক্ষে প্রকাশের কঠোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সকালবেলা / নুসরাত