ঝুঁকিপূর্ণ পেশায় শ্রমিকদের নিরাপত্তা জরুরি: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
স্টাফ রিপোর্টার, সিলেট: পরিবহন খাতের কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একজন চালক নিজে শতভাগ দক্ষ ও সতর্ক হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো বেপরোয়া বা অদক্ষ চালকের ভুলের কারণে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে অনেকের অকালপ্রস্থান ঘটে এবং মুহূর্তেই সেই শ্রমিকের পুরো পরিবারটি চরম অনিশ্চয়তা ও বিপদের মধ্যে পড়ে। এ ধরনের মানবিক সংকট কাটাতে বিএনপি সরকার ও সিলেট সিটি করপোরেশন সবসময় পরিবহন শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবে।
আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মাঝে সংগঠনটির কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের সার্বিক সুরক্ষায় শ্রমিক ইউনিয়ন ও সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সিসিক প্রশাসক। তিনি বলেন, “পরিবারের মূল কর্মক্ষম মানুষটি হঠাৎ চলে গেলে কেবল একটি জীবনই শেষ হয় না, তার ওপর নির্ভরশীল শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম সামাজিক ও আর্থিক বিপদে পড়েন। ফলে তাঁদের পাশে দাঁড়ানো এবং এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। শ্রমিকদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।”
নগরের প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “সিলেট সিটি করপোরেশন সবসময় পরিবহন শ্রমিকদের পাশে থাকবে। একটি আধুনিক ও সচল নগরের সার্বিক উন্নয়ন ও নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের প্রত্যক্ষ সহযোগিতা অপরিহার্য। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।”
সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ মানবিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দীন লস্কর এবং ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসভাপতি মানিক মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য আজিজ আহমদ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদসহ স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে সম্প্রতি মৃত্যুবরণকারী বিভিন্ন ইউনিটের মোট ২০ জন শ্রমিকের অসহায় পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুদানপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে—গোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম হেলাল মিয়ার পরিবার; কদমতলী মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম সোয়েদ আহমদ ও মরহুম রফিক আহমদের পরিবার; সিলেট-ঢাকা বাস শ্রমিক মরহুম মুহিব উদ্দিন, মরহুম আতিকুর রহমান, প্রয়াত রঞ্জিত দেব ও মরহুম শিশু মিয়ার পরিবার; সিলেট-সুনামগঞ্জ সড়কের বাস শ্রমিক প্রয়াত দিলীপ দেবের পরিবার; সিলেট-তামাবিল সড়কের মিনিবাস শ্রমিক মরহুম সুলেমান আলী, মরহুম সমছির আলী, মরহুম মোহাম্মদ আলী, মরহুম রেজাউল করিম, মরহুম ফলিক আহমদ, মরহুম আব্দুল গনি, মরহুম হিরা মিয়া, প্রয়াত প্রজেশ রঞ্জন দাস, প্রয়াত দীপু মালাকার, মরহুম জয়নাল আহমদ, মরহুম ফরহাদ আহমদ এবং মরহুম আনোয়ার হোসেনের শোকসন্তপ্ত পরিবার।