বগুড়ায় পাঁচ জেলার মহাসেমিনার, বগুড়া বিভাগ গঠনের জোর দাবি
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সমন্বিত উন্নয়নের রূপরেখা নির্ধারণে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে পাঁচ জেলার বিশাল উন্নয়নবিষয়ক মহাসেমিনার।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা’র উদ্যোগে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উত্তরাঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রশাসনিক কাজ সহজতর করার স্বার্থে দ্রুত ‘বগুড়া বিভাগ’ গঠনের দাবি জানান প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকার সুষম উন্নয়নের মাধ্যমে সেই বৈষম্য দূর করতে কাজ করছে। এ সময় তিনি দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকারের নেওয়া নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানান, এই পাঁচ জেলার অবকাঠামোগত উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল দাবি ও চাহিদা পূরণ করা হবে।
অন্যান্যদের মধ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনা দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের সুনির্দিষ্ট দাবি উত্থাপন করে বলেন, “উত্তরাঞ্চলের মানুষের প্রশাসনিক ও উন্নয়নগত সুবিধা দ্রুত নিশ্চিত করতে নতুন বিভাগ গঠন এখন সময়ের দাবি।”
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘমেয়াদি রূপরেখা বাস্তবায়নের বিকল্প নেই।