জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান (জিয়া উদ্যান) প্রাঙ্গণে পৌঁছে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যান প্রাঙ্গণে জড়ো হন দলটির হাজার হাজার নেতাকর্মী। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতৃবৃন্দ বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী আদর্শ, ১৯ দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।”