আন্তর্জাতিক পুরস্কার পেল বারির চিনাবাদাম-৯
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): শুষ্ক ও প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) অর্জন করেছে ‘ISSCA Global Award-2026’। বারি উদ্ভাবিত ‘বারি চিনাবাদাম-৯’ জাতটির সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘Dryland Congress-2026’-এ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান ICRISAT এবং সেন্টার অব এক্সিলেন্স ফর সাউথ-সাউথ কোঅপারেশন ইন এগ্রিকালচার (ISSCA) যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে। উন্নয়নশীল বিশ্বে ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়ন ও প্রতিকূল পরিবেশে চাষাবাদের সুযোগ তৈরিতে বিশেষ অবদানের জন্য জাতটিকে নির্বাচিত করা হয়।
বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, এই আন্তর্জাতিক সম্মাননা বারির গবেষণার উৎকর্ষতার বড় স্বীকৃতি। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবনের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বারি দেশের অন্যতম প্রধান বহুমুখী ফসল গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কন্দাল ফসল, ডাল, তেলবীজ, শাকসবজি, ফল ও মসলাসহ ২১২টির বেশি ফসল নিয়ে গবেষণা কাজ চালিয়ে আসছে।
এআইএল/সকালবেলা