নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: মীর শাহে আলম

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: মীর শাহে আলম

সকালবেলা অনলাইন: রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। দলগতভাবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। একই সঙ্গে তাদের কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করারও সুযোগ নেই।"

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ একটি দলকে নিয়ে এ ধরনের প্রশ্ন করা সমীচীন নয় এবং এতে তাঁরা বিব্রতবোধ করেন।

তিনি আরও সতর্ক করে দেন যে, যতক্ষণ পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো কর্মসূচি করার সুযোগ নেই। আইন অমান্য করে কোনো তৎপরতা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন