সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে মোট ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কোটা রয়েছে, যার মধ্যে অবশিষ্ট ১৫ হাজার ১২৬ জন হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব পৌঁছাবেন। ইতোমধ্যে ঢাকায় সৌদি দূতাবাস থেকে ৭৮ হাজার ৩৮৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, সৌদি আরবে পৌঁছানোর পর বার্ধক্য ও স্বাভাবিক কারণে এ পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন; যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। এছাড়া সৌদি মেডিকেল টিম এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে এ পর্যন্ত অর্ধলক্ষাধিক হজযাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নিচ্ছেন।

এদিকে সৌদি আরবে গতকাল রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।