৫০ বছরেও আ: লীগ ফিরতে পারবে না: এমপি ডা. মাহাবুব
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এই তিনটি প্রজন্মকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের কারণে এই তিন প্রজন্মের মানুষ আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় দলটির রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা খুবই ক্ষীণ।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান এসব কথা বলেন।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জনবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডা. মাহাবুবুর রহমান বলেন, “সারাদেশের প্রেক্ষাপটে এটি একটি অসাধারণ ও বৈপ্লবিক বাজেট। অতীতে ছাত্ররাজনীতি করার সময় আমরা দেখতাম, বাজেট ঘোষণার পরদিনই শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধির দাবিতে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হতো। এবারের বাজেটের সৌন্দর্য হলো—বিগত অর্থবছরের তুলনায় এই দুটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। ভ্যাট ও ট্যাক্সের যৌক্তিক বিন্যাসের কারণে বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, যা তৃণমূলের সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে।”
চিকিৎসক ও সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান স্বাস্থ্য খাতের নানামুখী সংস্কারের প্রশংসা করে বলেন, হার্টের রিং (স্টেন্ট), কিডনি ডায়ালাইসিসসহ জীবনরক্ষাকারী বিভিন্ন চিকিৎসা সামগ্রীর দাম কমানোর সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিপুলভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংযোজনের পরিকল্পনাকে তিনি যুগান্তকারী হিসেবে আখ্যা দেন। এছাড়া প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ‘নেটওয়ার্ক অফ অ্যাম্বুলেন্স’ এবং প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ প্রবর্তন ভবিষ্যতে দেশের স্বাস্থ্য সেবার চেহারা বদলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা খাতের বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় ‘ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্ট’ (One Tab One Student) পলিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় দীক্ষিত করতে দারুণ ভূমিকা রাখবে।
তবে ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার একে ব্যবসায়িক রূপ দিয়ে চাঁদাবাজি ও অর্থ লোপাট করেছিল। একটি অলাভজনক প্রতিষ্ঠান কীভাবে করযোগ্য হতে পারে, তা আমাদের বোধগম্য নয়। শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানগুলোকে করের আওতামুক্ত রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
বিএনপি দলীয় এই সংসদ সদস্য বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে যে মর্যাদার আসনে নিয়ে গেছেন, তার বড় প্রমাণ সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর। একটি দেশের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত ও অভিভূত হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ভিডিও শেয়ার করেন! এর মাধ্যমেই প্রমাণিত হয় বিশ্বমঞ্চে বর্তমান বাংলাদেশের অবস্থান কতটা সুদৃঢ়।
এআইএল/সকালবেলা