হাসপাতালে ধারণক্ষমতার চার গুণ রোগী, বিমানমন্ত্রীর ক্ষোভ
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ৮৬৭ জন রোগী। একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে তিনটি নবজাতক, আর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবনে। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এমন চরম মানবেতর অবস্থা দেখে তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি হলো আজ এই হাসপাতালে এসে। ২৫০ জনের জায়গায় প্রায় নয়শ রোগী গাদাগাদি করে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। পরিত্যক্ত ভবনে এমন নোংরা পরিবেশে চিকিৎসা চলার মতো ভয়াবহ চিত্র বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার জানা নেই।"
তিনি আরও আক্ষেপ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে হাসপাতালটি উন্নত করা হয়েছিল, কিন্তু বিগত দুই দশকে এটির কোনো সংস্কার বা সম্প্রসারণ করা হয়নি।
পরিদর্শনকালে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক ও হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা