রাজধানীর কালশীতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট বর্তমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর ওই বস্তিতে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত প্রথমে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা ও ভয়াবহতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও তিনটি ইউনিটকে সেখানে যুক্ত করা হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এআইএল/সকালবেলা