চামড়া সঠিকভাবে সংরক্ষণ করলে অর্থনীতি লাভবান হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
চামড়া সঠিকভাবে সংরক্ষণ করলে অর্থনীতি লাভবান হবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক: কুরবানির পশুর মাংসের পাশাপাশি চামড়া ও অন্যান্য উপজাত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (২১ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ (কেআইবি) অনুষ্ঠিত ‘কুরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, "কুরবানিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষ পশু জবাই ও চামড়া ছাড়ানোর সঙ্গে সম্পৃক্ত থাকে। এই সংবেদনশীল কাজে প্রশিক্ষিত জনবল না থাকলে চামড়ার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং বাজারমূল্য কমে যায়। দেশের মাদ্রাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট তরুণদের প্রশিক্ষণের আওতায় এনে কুরবানির সময় দক্ষ জনবল তৈরি করা যেতে পারে। এতে চামড়ার মান উন্নত হবে এবং শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি আয়ের সুযোগ সৃষ্টি হবে।" সরকার প্রয়োজনে সারা বছরব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনা করবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে কুরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় খামারিদের সুরক্ষা ও জাতীয় স্বার্থে চোরাই পথে আসা পশু ক্রয়ের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "দেশে কুরবানির পশুর চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকা সত্ত্বেও অবৈধ পথে পশু প্রবেশের ঘটনা ঘটে। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় জনগণকে এই অবৈধ পশু বর্জন করতে হবে।" যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি মাদকসহ সব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাংস প্রক্রিয়াজাতকারী, চামড়া সংরক্ষণকারী এবং ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন