নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের।
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এনছানুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের এই নতুন পথচলার সূচনা করেন। ফলক উন্মোচন শেষে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্লাসরুমগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নওগাঁবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়াকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই মাহেন্দ্রক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত থাকবেন।
এআইএল/সকালবেলা