নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমেছে। একই সঙ্গে কমেছে সোনালি কক মুরগির দাম। তবে জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বাজারের অস্থিরতা পুরোপুরি কাটেনি। শুক্রবার (১ মে) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে নিত্যপণ্যের দরের এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। করলা ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, পটল ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে বর্তমানে ৬০-৮০ টাকায় মিলছে। তবে সিজন শেষ হওয়ায় সজনা ডাঁটার দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৮০-২০০ টাকায় ঠেকেছে। তালতলা বাজারের সবজি বিক্রেতা মো. আমিন জানান, জ্বালানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
মাংসে ও ডিমে মিশ্র প্রবণতা দেখা গেছে। সোনালি কক মুরগি কেজিতে ৪০ টাকা কমে ৩৬০ টাকায় এবং ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায় স্থির রয়েছে। তবে মাছের বাজারে চড়া দাম অব্যাহত। এক কেজি ওজনের ইলিশ ১৫০০-১৬০০ টাকা এবং আকারভেদে রুই মাছ ৪০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন ১২৫-১৩০ টাকা হলেও হাঁসের ডিমের ডজন ২০০ টাকায় পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের ওপর চাপ তৈরি হয়েছে। সরকারি তদারকি জোরদার না হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আই.এ/সকালবেলা