ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে পুলিশ: আইজিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত ও সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ চলছে।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি তাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় দীর্ঘদিনের বঞ্চনার দ্বার উন্মোচন করেছে এবং তারা তাদের বৈধ অধিকার ফিরে পেয়েছেন।
পুলিশ প্রধান অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই ভবিষ্যৎ পেশাগত দিকনির্দেশক হবে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা ও প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে ওঠার এই সময়ে সততা ও পেশাদারিত্বকে ডিজিটাল পরিসরেও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
আইজিপি এএসপি প্রবেশনারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধিবিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ ও সরদার নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ