মুক্তিযুদ্ধ ও জামায়াত: সংসদীয় বিতর্কে নতুন মেরুকরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও সমসাময়িক রাজনৈতিক ভূমিকা নিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছে জামায়াতে ইসলামী। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় দলটি মাঠপর্যায়ে সক্রিয় থাকলেও সংসদে তাদের ঐতিহাসিক অবস্থান ও অতীত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি ও বিরোধী উভয় শিবিরের প্রবীণ নেতারা। বিশেষ করে ১৯৭১ সালের ভূমিকা এবং দলটির পক্ষ থেকে ‘ক্ষমা চাওয়ার’ বিষয়টি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সংসদীয় এই বিতর্কে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। গত মঙ্গলবার সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ মহাসমুদ্রের চেয়েও গভীর। যতদিন বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারা জিতবে; রাজাকারেরা কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না।” তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না, করলে সেটি হবে ‘ডাবল অপরাধ’।
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব সমালোচনার জবাবে বলেন, কে কোন দল করবে তা নির্ধারণ করে দেওয়ার অধিকার কারও নেই এবং এ ধরনের মন্তব্য নাগরিক অধিকারের ওপর হস্তক্ষেপ। অন্যদিকে, ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী আচরণের জন্য অভিযুক্ত করেন। জবাবে ডা. শফিকুর রহমান তথ্যগত অস্পষ্টতা পরিহার করে সুনির্দিষ্ট রেফারেন্স নিয়ে কথা বলার আহ্বান জানান।
বিতর্কের এক পর্যায়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দাবি করেন, ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে তৎকালীন জামায়াত আন্দোলনের জোগান দিয়েছিল এবং ১৯৭০ সালেও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিল। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই দাবি নস্যাৎ করে বলেন, নির্বাচনের আগে যাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান ১৯৪৭ থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও দলটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্পষ্ট অবস্থান জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত এখন এক দ্বৈত বাস্তবতার মুখোমুখি; একদিকে রাজপথে জনসমর্থন ও দেশপ্রেমিক ইমেজ তৈরির চেষ্টা, অন্যদিকে একাত্তরের ঐতিহাসিক দায় ও জবাবদিহির প্রবল চাপ। এই জটিল সমীকরণ আগামী দিনে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
আই.এ/সকালবেলা