শেরপুরে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। শেরপুরে ঘটে যাওয়া এ ঘটনায় একজন রাজনৈতিক কর্মীর প্রাণহানিতে সরকার গভীরভাবে মর্মাহত।

জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের সংযত রাখার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

ঘটনার পর শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সংশ্লিষ্টদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন