প্রশ্নপত্র বিতরণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি: মাহদী আমিন

প্রশ্নপত্র বিতরণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২৬ এপ্রিল) সকালে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। একই সঙ্গে অপপ্রচার থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মাহদী আমিন বলেন, প্রশ্নপত্র বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে এবং গুজব রটানো রোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। অপপ্রচার রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপতৎপরতার চেষ্টা করলে তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রশ্নপত্র দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গত কয়েক দিনে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

তিনি আরও উল্লেখ করেন, একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে প্রশ্নফাঁস নিয়ে যে বিষয়টি সামনে এসেছে, তা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি প্রকৃত কোনো প্রশ্নফাঁস নয় বরং একটি সুপরিকল্পিত প্রতারণা। চক্রটি প্রথমে টাকা নেয় এবং পরে পরীক্ষা শুরুর পর প্রশ্ন সংগ্রহ করে সেটিকে আগের রাতে আপলোড করা হয়েছিল বলে দাবি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে। অসাধু এই চক্রের উদ্দেশ্য মূলত অবৈধ অর্থ উপার্জন এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করা।

মাহদী আমিন বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। বর্তমান নির্বাচিত সরকার মানসম্মত ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তথ্য যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস না করার জন্য তিনি সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন