ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, এই বাহিনী ভবিষ্যতে থাকবে কি না, তা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, “গত দেড় বছর র্যাব যেভাবে পরিচালিত হয়েছে, এভাবে পরিচালনা করতে পারলে বাহিনীর ভাবমূর্তি ঠিক থাকবে। আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিগত সময়ে র্যাবের ওপর আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, “আগে কিছু কাজের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে এখন আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সেই নেতিবাচক রেকর্ড মুছে দিতে চাই।” তিনি ইঙ্গিত দেন যে, বাহিনী এখন আইন ও মানবাধিকারের প্রতি অধিকতর শ্রদ্ধাশীল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে চলা গুম ও খুনের মামলা প্রসঙ্গে আহসান হাবিব পলাশ বলেন, “এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক সহায়তা চাওয়া হয়নি। তবে যদি সহায়তা চাওয়া হয়, তবে তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালকে সব ধরনের সহযোগিতা করা হবে।”
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর র্যাবের সংস্কার ও অস্তিত্ব নিয়ে জনমনে নানা আলোচনা চলছে। নতুন মহাপরিচালকের এই বক্তব্য বাহিনীর ভবিষ্যৎ অবস্থান এবং স্বচ্ছতা নিশ্চিত করার একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ