মুসলিম উম্মাহর শান্তি কামনা করলেন তারেক রহমান

মুসলিম উম্মাহর শান্তি কামনা করলেন তারেক রহমান

হিংসা, বিদ্বেষ ও রক্তপাত পরিহার করে মানবকল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে পবিত্র শবেবরাত উপলক্ষে তিনি দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন, শাবান মাসের এই মহিমান্বিত রজনী মূলত ‘নাজাত’ বা মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই রাত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তাও বহন করে। মহান আল্লাহ এই রাতে তার বান্দাদের জন্য রহমত ও দয়ার অবারিত দ্বার খুলে দেন।

বাণীতে তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে পরম করুণাময়ের সান্নিধ্য লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা ও ভুল-ত্রুটি শুধরে নেওয়ার জন্য এটি এক অনন্য সুযোগ।

বিএনপির চেয়ারম্যান সকল প্রকার অনাচার ও অপকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার পরামর্শ দেন। তিনি লেখেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’

সবশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনা করেন তিনি।

মন্তব্য করুন