ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি গত এক বছর ধরে বিচারিক কাজের বাইরে ছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসে পৌঁছায়। বর্তমানে কানাডায় অবস্থানরত বিচারপতি মামনুন রহমান সেখান থেকেই এই পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, পদত্যাগপত্রটি ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো ধরনের ছুটি ছাড়াই দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আগেই রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিল। উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে আর দায়িত্বে নেই; যাদের কেউ কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ স্বাভাবিক অবসরে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও কোনো বেঞ্চের দায়িত্বে নেই।
এছাড়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ আসার পর চলতি মাসে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন বিচারপতি মামনুন রহমান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ