রাতে হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
রাতে হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন

মাঝরাতে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান বা ‘ক্র্যাম্প’ ধরে ঘুম ভেঙে যাওয়া অনেকেরই নিত্যদিনের সমস্যা। পা সোজা করতে না পারা বা তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে পড়ার পেছনে কেবল পানি কম খাওয়া বা ডিহাইড্রেশনই একমাত্র কারণ নয়। এর পেছনে রয়েছে আরও বেশ কিছু শারীরিক ও প্রাত্যহিক কারণ।

মেডিসিন বিশেষজ্ঞ রুদ্রজিৎ পালের মতে, কেবল চোট-আঘাত নয়, বরং শরীরে খনিজ উপাদানের ভারসাম্যহীনতার কারণে এই সমস্যা বেশি হয়।

শরীরে ক্যালশিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাব হলে পেশি ঠিকমতো সংকুচিত ও প্রসারিত হতে পারে না। বিশ্রামের সময় শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন কমে যায়। ফলে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন ও খনিজ পৌঁছাতে পারে না।যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা অনেক বেশি হাঁটাহাঁটি করেন, তাদের পেশি ক্লান্ত হয়ে এমন টান ধরতে পারে।গর্ভবতী নারীদের শরীরে ভিটামিন ও খনিজের চাহিদাও এই সমস্যার অন্যতম কারণ।

আক্রান্ত স্থানে আলতো করে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং পেশি শিথিল হয়। টান ধরার জায়গায় আইস প্যাক বা বরফ দিলে পেশির জড়তা দ্রুত কেটে যায়। ধীরে ধীরে পা সোজা করার চেষ্টা করুন এবং পায়ের পাতা নিজের দিকে টেনে ধরার চেষ্টা করুন।

যাদের নিয়মিত এই সমস্যা হয়, তাদের পর্যাপ্ত পানি পানের পাশাপাশি সুষম খাবার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীরে ভিটামিন ডি-এর মাত্রা পরীক্ষা করা জরুরি। নিয়মিত হালকা ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করলে পেশিতে টান ধরার এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন