গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক: তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন ঘরের ভেতরের গুমোট গরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সবার পক্ষে এসি ব্যবহার করা সম্ভব না হলেও কিছু প্রাকৃতিক ও কার্যকর কৌশল অবলম্বন করলে এসি ছাড়াই ঘরকে অনেকটা শীতল ও আরামদায়ক রাখা সম্ভব।

একটি বড় পাত্রে বরফ রেখে সেটি টেবিল ফ্যানের সামনে স্থাপন করুন। ফ্যানের বাতাস বরফের সংস্পর্শে এসে সারা ঘরে শীতল আমেজ ছড়িয়ে দেবে। দিনের বেলা যখন রোদ বেশি থাকে, তখন জানালা বন্ধ রাখুন। তবে সূর্য ডোবার পর বা রাতে জানালা খুলে দিলে বাইরের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশের সুযোগ পায়। বিপরীতমুখী জানালা খোলা রাখলে বায়ুপ্রবাহ আরও ভালো হয়। জানালার সামনে হালকা ভেজা পাতলা পর্দা ঝুলিয়ে রাখলে প্রবেশ করা বাতাস ঠান্ডা হয়ে ঘরে ঢোকে। এ ছাড়া দিনে অন্তত দুবার মেঝে ভেজা কাপড় দিয়ে মুছলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে আসে। ঘরের ভেতরে বা বারান্দায় অ্যালোভেরা, মানিপ্ল্যান্ট বা আরেকা পামের মতো গাছ রাখুন। গাছপালা প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসকে প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখে। টিভি, কম্পিউটার ও সাধারণ বাল্ব প্রচুর তাপ উৎপন্ন করে। তাই প্রয়োজন ছাড়া এগুলো বন্ধ রাখুন। সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করলে ঘর কম গরম হবে।  বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা হিসেবে সাদা বা হালকা রঙের সুতি কাপড় বেছে নিন। হালকা রঙ তাপ শোষণ কম করে, যা ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

দুপুরের কড়া রোদে রান্না করা থেকে বিরত থেকে সকালে বা রাতে রান্না সেরে নেওয়া ভালো। এতে চুলার উত্তাপ ঘরে ছড়াতে পারবে না। এ ছাড়া ছাদে পানি দেওয়া বা মাটির কলস ব্যবহার করার মতো সহজ অভ্যাসগুলোও গরমে বেশ স্বস্তি দিতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন