গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ

তীব্র তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন শরীর ঠান্ডা রাখতে জাদুর মতো কাজ করতে পারে সাধারণ লাল পেঁয়াজ। পুষ্টিবিদদের মতে, সাদা বা গোলাপি পেঁয়াজের তুলনায় লাল পেঁয়াজ গরমজনিত শারীরিক চাপ এবং পানিশূন্যতা মোকাবিলায় অনেক বেশি কার্যকর। লাল পেঁয়াজে থাকা উচ্চমাত্রার পানি, খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা বা বমিভাবের মতো উপসর্গ দেখা দেয়। লাল পেঁয়াজের হাইড্রেটিং গুণ শরীরের এই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্ত সঞ্চালন উন্নত করে এবং গরমের কারণে সৃষ্ট শারীরিক চাপ কমায়। গ্রীষ্মকালীন সময়ে নিয়মিত লাল পেঁয়াজ খেলে তা হজমে সহায়তা করার পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।

চিকিৎসকদের মতে, গরমের সময় সালাদ, দই বা রায়তার সঙ্গে কাঁচা লাল পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লাল পেঁয়াজ কোনোভাবেই হিটস্ট্রোকের বিকল্প চিকিৎসা নয়, বরং এটি একটি সহায়ক খাবার মাত্র। যাদের অ্যাসিডিটি বা পেটের সংবেদনশীলতা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে লাল পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন