শরীরে ব্যথা অনুভব করলে যে দোয়া ও আমল করবেন
অনলাইন ডেস্ক: মানুষের ক্ষণস্থায়ী জীবনে অসুস্থতা, শারীরিক আঘাত কিংবা দেহের কোনো নির্দিষ্ট স্থানে কষ্টদায়ক ব্যথা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। অনেক সময় সামান্য ব্যথার কারণেও দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হয়, আবার দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা মানুষকে দৈহিক ও মানসিকভাবে দুর্বল করে তোলে।
এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি একমাত্র আরোগ্যদাতা মহান আল্লাহর কাছে শিফা ও শান্তি প্রার্থনা করা একজন মুমিনের ঈমানি দায়িত্ব ও গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (সা.) শারীরিক কষ্ট ও ব্যথার সময় বিশেষ দোয়া ও আমল শিখিয়ে গেছেন। তাই শরীরে ব্যথা অনুভব হলে বিচলিত না হয়ে নিম্নে বর্ণিত দোয়াটি পাঠ করা মোস্তাহাব ও সুন্নত।
ব্যথা দূর করার দোয়া:
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ:
আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।
অর্থ:
‘আমি মহান আল্লাহর এবং তাঁর অপরসীম ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি—আমি যে ব্যথা বা কষ্ট অনুভব করছি এবং যার ভয় করছি, তার অনিষ্ট বা ক্ষতি থেকে।’
শরীরের যে স্থানে ব্যথা অনুভব হবে, সেখানে নিজের ডান হাত রেখে প্রথমে ৩ বার পাঠ করতে হবে—
‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি)।
এরপর ব্যথার স্থানে হাত রেখেই উপরোক্ত দোয়াটি মোট ৭ বার ভক্তি ও বিশ্বাসের সঙ্গে তিলাওয়াত করতে হবে।
হাদিসের উদ্ধৃতি:
বিশিষ্ট সাহাবি হজরত ওসমান বিন আবুল আস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে—তিনি একবার রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আরজ করেন যে, ইসলাম গ্রহণের পর থেকেই তিনি নিজ শরীরে একধরনের তীব্র ব্যথা অনুভব করছেন। তাঁর কথা শুনে রাসুলুল্লাহ (সা.) তাঁকে হেদায়েত দিয়ে বলেন, ‘তোমার শরীরের যে স্থানে ব্যথা করছে, সেখানে তোমার হাত রাখো এবং তিন বার ‘বিসমিল্লাহ’ বলো। অতঃপর এই দোয়াটি সাত বার পাঠ করো।’ (সহিহ মুসলিম, হাদিস নম্বর: ২২০২)।
ধর্মপ্রাণ মুসলমানদের উচিত যেকোনো রোগ-ব্যাধিতে উপযুক্ত ওষুধ ও চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি নিয়মিত এই মাসনুন দোয়ার আমল চালিয়ে যাওয়া।