বাথরুমে স্পার আবহ ও সুগন্ধ আনার ৬টি সহজ উপায়
শৈলী ডেস্ক: গৃহসজ্জা ও ব্যক্তিগত রুচিশীলতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বাড়ির বাথরুমকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখা। দৈনন্দিন জীবনের ব্যস্ততা শেষে পরিপাটি ও চমৎকার সুবাসে ভরা একটি বাথরুম নিমিষেই মনকে চাঙ্গা করে তুলতে পারে। বাথরুমে বিলাসবহুল 'স্পা'-এর মতো প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করতে যে খুব বেশি অর্থ খরচ করতে হবে— তা কিন্তু নয়। সঠিক উপায়ে বিভিন্ন এসেনশিয়াল অয়েল ব্যবহার করেই খুব সহজে বাথরুমকে সতেজ ও মনমাতানো সুবাসে ভরিয়ে তোলা সম্ভব।
বাথরুমকে সুবাসিত রাখতে ও স্পার আবহ তৈরি করতে অনুসরণ করতে পারেন এই ৬টি সহজ ও কার্যকর কৌশল:
ডিভিউজার ব্যবহার: রিড বা ইলেকট্রিক ডিফিউজারে পানির সাথে পছন্দের এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা যোগ করাই বাথরুমে সুবাস ছড়ানোর সবচেয়ে সহজ উপায়। এক্ষেত্রে ল্যাভেন্ডার মন শান্ত করতে সাহায্য করে, অন্যদিকে সাইট্রাস, ইউক্যালিপটাস বা পেপারমিন্ট অয়েল ঘরে দ্রুত সতেজ আবহ এনে দেয়।
টয়লেট পেপারের রোলে সুগন্ধি ব্যবহার: টয়লেট পেপারের ভেতরের কার্ডবোর্ডের অংশে ২-৩ ফোঁটা লেবু, টি-ট্রি বা ইউক্যালিপটাস অয়েল দিয়ে রাখা যেতে পারে। রোল ঘোরার সাথে সাথে ধীরে ধীরে চমৎকার সুবাস ছড়িয়ে পড়বে পুরো বাথরুমে। তবে খেয়াল রাখতে হবে যেন তেল সরাসরি টিস্যু পেপারে না লাগে।
সতেজতার জন্য ঘরোয়া স্প্রে: একটি স্প্রে বোতলে পানি, সামান্য রাবিং অ্যালকোহল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে হোমমেড স্প্রে তৈরি করে নিন। বাথরুম ব্যবহারের পর স্প্রে করলে দীর্ঘক্ষণ সুবাস টিকে থাকে।
আরামদায়ক গোসলের ছোঁয়া: বাথটাবে গোসলের সময় ক্যারিয়ার অয়েল বা বাথ প্রোডাক্টের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা ক্যামোমাইল অয়েল মিশিয়ে নিলে তা পেশির ক্লান্তি দূর করে স্পার মতো আরামদায়ক অনুভূতি এনে দেবে।
তোয়ালেতে সুবাস বজায় রাখা: তোয়ালে শুকানোর সময় কিংবা ভাজ করে রাখার ক্ষেত্রে পাশে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা লেবুর এসেনশিয়াল অয়েলযুক্ত তুলার বল রেখে দিলে স্যাঁতসেঁতে বা একঘেয়ে গন্ধ দ্রুত দূর হয়।
ক্লিনিং সলিউশনে অয়েল মেশানো: বাথরুম পরিষ্কার করার জীবাণুনাশক বা ক্লিনিং তরলের সাথে কয়েক ফোঁটা টি-ট্রি বা ইউক্যালিপটাস অয়েল যোগ করলে পরিষ্কারের পর দীর্ঘ সময় সতেজ সুবাস বজায় থাকে।
|