প্রথম প্রেমের আবেগ ও স্মৃতির পাতায় ফিরে দেখার বিশেষ দিন আজ

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
প্রথম প্রেমের আবেগ ও স্মৃতির পাতায় ফিরে দেখার বিশেষ দিন আজ

জীবনযাপন ডেস্ক: প্রথম প্রেমের কথা মনে পড়লে আজও কি হৃদয়ে দোলা দেয় সেই পুরোনো অনুভূতি? কারও মুখে হয়তো ফুটে ওঠে একফালি মিষ্টি হাসি, আবার কারও মনে হয়তো না-পাওয়ার বিষণ্নতা কিংবা কষ্টের অনুভূতির রেশ জেগে ওঠে। সম্পর্কের পরিণতি যাই হোক না কেন, জীবনের প্রথম ভালো লাগা, প্রথম অপেক্ষা কিংবা প্রথমবার কাউকে অনুভূতির কথা জানানোর বিশেষ অধ্যায়টি স্মৃতিতে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়।

আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম ও সেই স্মৃতিগুলোকে নতুন করে মনে করার দিন—‘ফার্স্ট লাভ ডে’ (First Love Day)।

মনোবিজ্ঞানীদের মতে, মানুষের জীবনের প্রথম ও তীব্র আবেগঘন অভিজ্ঞতাগুলো মস্তিষ্কে বিশেষভাবে সংরক্ষিত হয়। প্রথম প্রেমের সময়ে আনন্দ, উত্তেজনা, দ্বিধা ও নতুনত্বের এক অদ্ভুত মিশ্রণ কাজ করে। ফলে পরবর্তীতে নির্দিষ্ট কোনো গান, সুবাস কিংবা পরিচিত রাস্তা পুরোনো সেই দিনগুলোকে এক নিমেষে ফিরিয়ে আনতে পারে।

সবাই যে প্রথম প্রেমের স্মৃতিতে কষ্ট পান—বিষয়টি এমন নয়। অনেকের কাছে তা শিক্ষার, আবার অনেকের জন্য একটি সুন্দর রূপকথার গল্প। এমনকি প্রথম মানুষটি জীবনে না থাকলেও, মানুষ প্রায়শই সেই সময়ের নিজের রূপ, সরল স্বপ্ন ও জীবনের সুন্দর একটি অধ্যায়কে মিস করেন।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রেমের স্মৃতিকে স্মরণ করার প্রতীকী উপলক্ষ হিসেবে ‘ফার্স্ট লাভ ডে’-এর যাত্রা শুরু হয়। সর্বজনীন আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও বিশ্বজুড়ে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর ভালোবাসার মিষ্টি ও স্মৃতিময় দিন হিসেবে পালিত হয়।

স্মৃতিতে হাসি থাকুক কিংবা খানিকটা অপূর্ণতা—জীবনের বিশেষ এই অনুভূতিগুলোকে সম্মান ও সময় দেওয়ার মধ্য দিয়েই উদযাপিত হতে পারে আজকের দিনটি।

মন্তব্য করুন