ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে ভয়াবহ আগুন, ৮ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক ভয়াবহ হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। এই হামলায় কয়েকটি বড় বাণিজ্যিক গুদামে (ওয়্যারহাউস) তীব্র আগুন ধরে যায়, যার ফলে কয়েক ঘণ্টা ধরে রাশিয়ার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার তীব্রতা নাটকীয়ভাবে বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ প্রশাসনের দাবি, রাশিয়ার দীর্ঘদিনের আগ্রাসন ও হামলার জবাব হিসেবেই এই পালটা আক্রমণ চালানো হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই অভিযানকে তাদের ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যার ফলে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটিতে অভ্যন্তরীণ জ্বালানি সংকট তৈরি হয়।
এবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক গুদামে আঘাত হেনেছে। এতে রাতের শিফটে কাজ করা আটজন কর্মী নিহত হন এবং গুদামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম একটি গণমাধ্যমকে বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠান ও দেশের জন্য ভয়াবহ একটি রাত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'
হামলার পর শনিবার সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল। মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, শত্রুপক্ষের ড্রোন হামলায় তাদের এলাকার একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী নিহত হয়েছেন।
অন্যদিকে, মস্কো অঞ্চলেও একটি তেল ডিপো এবং আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি একটি গণমাধ্যমকে জানান, হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পন্ন করা হয়। তামবভ অঞ্চলের আগুনও পরে নিয়ন্ত্রণে আসে। এলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো শিশু বা কর্মী না থাকায় কেউ হতাহত হয়নি। দুই অঞ্চলের এই সমন্বিত হামলায় প্রায় ৬০ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, রাতের বেলায় শুধু মস্কো অঞ্চলের দিকেই ৩৭০টির বেশি ড্রোন পাঠিয়েছিল ইউক্রেন। আকাশসীমা লঙ্ঘনের এই প্রবণতা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে ধেয়ে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।
|