হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো ধরনের শুল্ক বা টোল আদায় করতে পারবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ওই প্রণালিতে শুল্ক আরোপ করতে পারে।

শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে এবং এ সময় কোনো পক্ষই শুল্ক আরোপ করতে পারবে না। তবে ট্রাম্প তার পোস্টে বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন ও পরবর্তীতেও কোনো শুল্ক থাকবে না— যদি না তা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে এই ধরনের শুল্ক আরোপ যৌক্তিক হতে পারে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামলার জেরে তারা হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করেছে। তবে মার্কিন সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল অব্যাহত আছে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন