জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া সাতটি মামলায় এ পর্যন্ত মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অবশিষ্ট আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদকে আইনমন্ত্রী জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট ৭৩টি মামলার কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে। চলমান মামলাগুলোর মধ্যে ২২টি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং বাকি ৫১টি মামলা এখনো তদন্তাধীন।
আইনমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এই ৮০টি মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এদের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ২৮৮ জন আসামি পলাতক রয়েছেন। এছাড়া বিচার চলাকালীন একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আদালত থেকে খালাস পেয়েছেন।
|