সিরিয়ার আলেপ্পোতে সামরিক ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সিরিয়ার আলেপ্পোতে সামরিক ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪
বিস্ফোরণের স্থানে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ড ও ধোঁয়ার দৃশ্য।

অনলাইন ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে আলেপ্পোর আল-ইস এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের পরপরই সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। বিকট শব্দ ও বিশাল অগ্নিশিখা দেখে আশেপাশের এলাকার অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন এবং শহরের সকল হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন।

মন্তব্য করুন