বিশাল সমুদ্রসম্পদ কাজে লাগাতে চীন-বাংলাদেশ যৌথ গবেষণায় জোর শিক্ষামন্ত্রীর

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
বিশাল সমুদ্রসম্পদ কাজে লাগাতে চীন-বাংলাদেশ যৌথ গবেষণায় জোর শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি (Blue Economy) সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে আয়োজিত 'দ্বিতীয় চীন-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক অঞ্চলের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা এবং উচ্চতর গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে। ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে দেশে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (TVET) মান বাড়াতে হবে। সম্প্রতি চীন সফরে দেশটির শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের যোগসূত্র প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চীনের মতো অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্লু ইকোনমি, আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণায় বাংলাদেশ তার লক্ষ্য অর্জন করতে পারে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ চীনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন