ভারত ও জাপান সফর নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হয়নি দিনক্ষণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরসহ অন্য কোনো বিদেশ সফরই এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই এসব সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, "যেকোনো সময় যখন দুই দেশের শীর্ষ প্রধানরা মুখোমুখি বসেন বা আলোচনা করেন, তখন অনেক জটিল সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। সেই দৃষ্টিকোণ থেকে ভারতের উচিত হবে এ ধরনের সুযোগের সৎ ব্যবহার করা।"
প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান বা ভারতে সফর করবেন, সেটার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এটি দুই দেশের উপযুক্ত ও সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বিভিন্ন জরুরি কাজে ব্যস্ত রয়েছেন। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সফরের বিষয়টি চূড়ান্ত রূপ নেবে।"
প্রতিমন্ত্রী আরও মন্তব্য করেন, "জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে বসলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার ও উন্নয়নের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। ভারত এই সুযোগটি কীভাবে কাজে লাগাবে, তা তারা ভেবে দেখতে পারে।"
এদিকে সফর প্রসঙ্গের বাইরে সিঙ্গাপুরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারি পর্যায়ে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে সেখানে রপ্তানি বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরকালে তিনি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির (Waste-to-Energy) আধুনিক প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান।
|