সুপার এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের বেশি উঁচু ঢেউয়ের রেকর্ড
অনলাইন ডেস্ক: বিশাল আকৃতির ভয়ংকর ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। রবিবার উপকূলীয় এলাকায় আঘাত হানা এসব বিশালাকার ঢেউয়ের কারণে বিখ্যাত সৈকতগুলো প্লাবিত হয়েছে, স্থানীয় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে এবং পর্যটক ও সাধারণ মানুষের চলাচলের জন্য বেশ কয়েকটি বিখ্যাত পিয়ার (সমুদ্রের ওপর নির্মিত হাঁটার পথ) ও জেটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।
বে এরিয়া অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে চরম সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, সেখানে ৩৫ ফুট বা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি বিপজ্জনক কারেন্ট ও আকস্মিক বড় ঢেউ দেখা দিতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় বলা হয়, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না!’
এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের বেশি উচ্চতার রেকর্ড ভাঙা ঢেউ আঘাত হানে। তবে প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও হাফলুন বে’র কাছে বিশ্বের অন্যতম বিখ্যাত মাভেরিক্স সৈকতে বিশাল এই ঢেউয়ের সুযোগ নিতে পিছপা হননি রোমাঞ্চপ্রিয় সার্ফাররা; তারা উত্তাল ঢেউয়ের বুকে সার্ফিং করে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
এদিকে আরও দক্ষিণে, শক্তিশালী ঢেউয়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর কাপিটোলার কাছাকাছি এলাকায় ইভাকুয়েশন বা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জরুরি সতর্কবার্তা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফ অফিস। এ ছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচসহ বেশ কয়েকটি পিয়ারে ঢেউ আছড়ে পড়ায় সপ্তাহান্তে সেগুলোতে জনসাধারণের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।
রবিবার বিকেলের দিকে সমুদ্রের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে, পুরো সপ্তাহজুড়েই উপকূলজুড়ে এই বড় ধরনের ঢেউ অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষের মতে, চলমান সুপার এল নিনোর প্রভাবে মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের পানির বিস্তার ঘটছে, যার ফলেই উপকূলে এমন বিশালাকার ঢেউয়ের সৃষ্টি হচ্ছে।
সকালবেলা/নুসরাত