হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ দীপকে

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ দীপকে
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের প্রবল ও টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মেডিকেল ভর্তি পরীক্ষা 'নিট' (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের দায় নিজের কাঁধে নিয়ে আজ শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের সুনির্দিষ্ট দাবিতে বিগত দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী।

এই নজিরবিহীন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ভারতের বহুল আলোচিত ব্যাঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ছেড়ে দেশে ফিরে এসে তরুণ সমাজকে একছত্র ছাতার নিচে এনে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিজয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে ভারতীয় রাজনীতির দীর্ঘদিনের বিভাজনকে লক্ষ্য করে বলেন, "আমাদের দেশে যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতির সুযোগ না থাকে এবং কেবল জনগণের প্রকৃত ইস্যু নিয়ে আন্দোলন ও রাজনীতি হয়, তবে ক্ষমতার বড় বড় সিংহাসনও কাঁপিয়ে দেওয়া সম্ভব। আমরা যখনই ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারব এবং শিক্ষা ও অধিকারের মতো মূল ইস্যু নিয়ে কথা বলব, তখনই তা দেশের জন্য প্রকৃত মঙ্গল বয়ে আনবে।"

একই সংগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে সরাসরি ইঙ্গিত করে অভিজিৎ প্রত্যয়ের সংগে বলেন, "একসময় বলা হতো এই সরকারের অভিধানে পদত্যাগের কোনো নিয়ম বা সংস্কৃতি নেই। তবে আজ প্রমাণ হলো—দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর মতো অনড় ও ধৈর্যশীল লোক থাকা চাই।" নিজের দল সিজেপি এবং সহযোদ্ধা আন্দোলনকারীদের অবিচল অবস্থানের কারণেই এই জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ভারতে প্রতি বছর অনুষ্ঠিত অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক মেডিকেল ভর্তি পরীক্ষা 'নিট'-এর মাধ্যমে লাখ লাখ স্বপ্নবাজ তরুণের চিকিৎসক হওয়ার যাত্রা শুরু হয়। সম্প্রতি এই মেগা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সারা দেশজুড়ে তরুণদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার পদত্যাগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক মোড় নিল।

মন্তব্য করুন